
বিশেষ প্রতিবেদক, ঢাকা:
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সাধারণ পরিষদ ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মোরতাজুল করিম (বাদরু। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে আগামী দুই বছরের জন্য এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) রাষ্ট্রপতির আদেশক্রমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ অতুল মণ্ডল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৫.২(i) ও ৮.৩(i) অনুচ্ছেদ অনুযায়ী নিয়োগের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার কৃতি সন্তান খোন্দকার মোরতাজুল করিম বাদরু দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বর্ণিল রাজনৈতিক জীবনে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সাইফুল আলম নীরব সভাপতি এবং সুলতান সালাহউদ্দিন টুকু সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকাকালীন তিনি সংগঠনের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে সাংগঠনিক দক্ষতা প্রমাণ করেন। এছাড়া তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর খোন্দকার মোরতাজুল করিম (বাদরু) বলেন, রাষ্ট্র ও দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে বদ্ধপরিকর। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনকে দুর্নীতিমুক্ত ও প্রকৃত জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই। দেশের অবহেলিত ও বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে এই ফাউন্ডেশনকে আরও কার্যকরভাবে কাজে লাগানোই হবে আমার মূল লক্ষ্য।
কুমিল্লার বরুড়ার কৃতি এই সন্তানের দেশের একটি গুরুত্বপূর্ণ আর্থিক ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানের শীর্ষ পদে এই নিয়োগকে স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা অত্যন্ত গৌরবের বিষয় হিসেবে দেখছেন। তার এই নিয়োগের খবরে বরুড়া উপজেলায় আনন্দের জোয়ার বইছে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, খোন্দকার মোরতাজুল করিম বাদরুর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কার্যক্রম আরও বেগবান হবে। একই সাথে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) কার্যক্রম আরও সুসংহত ও স্বচ্ছভাবে পরিচালিত হবে।
উল্লেখ্য, সরকার ও দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার মাধ্যমে দারিদ্র্য বিমোচন, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং টেকসই আর্থসামাজিক উন্নয়নে কাজ করে থাকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)।
Leave a Reply